ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৭

জীবননগর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে একজন ভারতীয় নাগরিকসহ সাতজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তিরা জানান, তারা ভারতে বেঙ্গালুরুতে কাজের জন্য গিয়েছিলেন। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিএসএফ তাদের আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং বুধবার ভোরে তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়।

এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আটক ৭,ভারতীয় নাগরিকসহ,জীবননগর সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত