তালতলী বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাককে শোকজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে এর আগে বহিষ্কৃত বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে এবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বরগুনা জেলা বিএনপি।

বুধবার (১৯ আগস্ট) বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম ওহায়দুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে মোস্তাককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

নোটিশে আরও বলা হয়, গত ৯ ও ১৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরগুনা জেলা পরিষদের প্রশাসক জননেতা নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও উসকানিমূলক অভিযোগ করা হয়েছে বলে দলীয়ভাবে অভিযোগ উঠেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে অভিযোগের সুস্পষ্ট লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্বশরীরে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

চিঠির অনুলিপি বিএনপির মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লিখিত জবাবের পরই এ বিষয়ে দলীয় পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।