মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের লাল কার্ড
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২০:৪৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছা উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান ওসি সেলিম মালিক।
কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
