কিশোরগঞ্জে মাছবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন বড় আজলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকার কাগারচর গ্রামের নূর মিয়া (৬০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।
আহত ব্যক্তিরা হলেন নূর মিয়ার মেয়ে মর্জিনা বেগম (৩৫), মো. মাহিন (১৭) ও অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর (৩৫)। তাঁদের সবার বাড়ি কাগারচর-মঠখোলা এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে নূর মিয়া স্ত্রী, মেয়েসহ অন্যদের নিয়ে অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন।
অটোরিকশাটি বড় আজলদী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের একটি জমিতে ছিটকে পড়ে।
এ দুর্ঘটনায় নূর মিয়া ও আনোয়ারা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
