সিরাজগঞ্জে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন ১৬ পুলিশ সদস্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

মানুষের সেবা করতেই কর্মদক্ষতা অর্জন করে থাকে। আর সেই কর্মদক্ষতায় সিরাজগঞ্জে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান ও সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসানসহ ১৬ জন সদস্য স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামি গ্রহণ করেন। তিনি একইসঙ্গে রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন ও আবাসনসহ বিভিন্ন বিষয়ে ডিআইজি মহোদয়ের কাছে তুলে ধরেন।

এ সভায় শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ১টি মোটরসাইকেল এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারের জন্য ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ ও ওসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ওসি মো. রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিরাজগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার সিরাজগঞ্জবাসীর বলে তিনি উল্লেখ করেন।