সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ১
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২০:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নূর পাম্প এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শরিফুল ইসলাম নিহত হয়েছেন। তিনি যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। এ ঘটনায় ডাম্প ট্রাকের হেলপার আহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। এ সময় ডাম্প ট্রাকের হেলপার গাড়ি চালাচ্ছিলেন এবং চালক ঘুমিয়ে ছিলেন।
একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্প ট্রাকটি সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান চালকসহ ওই হেলপার গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
