শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ আটক ১
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২২:০১ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক নুরুজ্জামান উপজেলার পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।
শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৬০০ বোতল কোরেক্স সিরাপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে একদল চোরাকারবারি অবৈধভাবে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত দিয়ে নদীপথে মাদকের একটি বড় চালান নিয়ে আসছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মাদক, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ মাদক কারবারি নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রমের প্রক্রিয়া চলমান রয়েছে।
