গ্যাস-বিদ্যুৎ সংকটে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে: এটিএম মাসুম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২১:০৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

গ্যাস ও বিদ্যুৎ সংকট সৃষ্টি করে সরকার দেশের মানুষের ভোগান্তি বাড়ানোর পাশাপাশি শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। সরকারের অযোগ্যতা ও অপশাসনের কারণেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে বলে তিনি দাবি করেন।
শনিবার (২২ আগস্ট) নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমির মাষ্টার রুহুল আমীন ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ।
বক্তব্যে এটিএম মাসুম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দলীয়করণ বর্তমানে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বাস্তবে ‘সবার আগে নিজের দল’ নীতি প্রয়োগ করছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় আধিপত্য বিস্তারের চেষ্টার কারণে ছাত্রছাত্রীদের মাঝে অশান্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় প্রতিষ্ঠা, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদে সরকার গণদাবি না মানলে দাবি বাস্তবায়নে রাজপথের আন্দোলন বেগবান করতে হবে। এ লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান তিনি। ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে সবার জন্য ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে বিভিন্ন উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
