সিরাজগঞ্জে হারানো ৫৩ ফোন উদ্ধার, মালিকদের হস্তান্তর
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২১:১২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিভিন্ন সময় হারানো ৫৩টি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। এসব ফোন আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে খুশি হয়েছেন মোবাইল ফোন মালিকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে যায়। এসব মোবাইল ফোন হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি করেন ফোন মালিকেরা।
এ জিডির পরিপ্রেক্ষিতে পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের বিশেষ সহযোগিতায় বিভিন্ন সময়ে ৫৩টি ফোন উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, ওসি রাকিবুল হাসান ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর থানার ওসি আলোকিত বাংলাদেশকে বলেন, মোবাইল মালিকদের জিডির পর গুরুত্বসহকারে ব্যবস্থা নেওয়ায় এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে মোবাইল ফোন ফিরে পাওয়া বাবু বলেন, মার্চ মাসে তার ফোন হারিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় জিডি করা হয়। পুলিশের তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা এ ফোন ফিরে পেয়ে সবাই খুশি। এসব ফোন উদ্ধারে পুলিশ এলাকায় প্রশংসিত হয়েছে।
