ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

অশ্রুসিক্ত নয়নে কলকাতায় নিহত স্বজনদের মরদেহ গ্রহণ

অশ্রুসিক্ত নয়নে কলকাতায় নিহত স্বজনদের মরদেহ গ্রহণ

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত সাংবাদিক দম্পতি দেবাশীষ দত্তসহ পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই দেশের সব কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

পেট্রাপোল ও বেনাপোল সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের স্থানীয় শীর্ষ কর্মকর্তারা নিহত পাঁচজনের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এ সময় শূন্যরেখায় নিহতদের স্বজনেরা অশ্রুসিক্ত নয়নে আহাজারি করলে পরিবেশ ভারী হয়ে ওঠে। মরদেহ হস্তান্তরের পর তিনটি অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে কুষ্টিয়া ও সাভারের উদ্দেশে রওনা হন স্বজনেরা।

গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন কুষ্টিয়া সদরের সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের জোবায়ের বাবু।

মরদেহ নিতে আসা আহম্মেদ বাবুর মেজো ভাই মনির হোসেন বলেন, সোমবার রাতে ব্যবসায়িক কাজে কলকাতা যান আহম্মেদ বাবু। সেখান থেকে পরিবারের সঙ্গেও কথা হয়। কিন্তু কলকাতার হোটেলে ভয়াবহ আগুন লাগার পর আর বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে নিহতের খবর জানানো হয়। পরবর্তীতে ভারতীয় হাইকমিশন থেকে নিহতের ছবি পাঠালে পরিবারের পক্ষ থেকে বাবুকে শনাক্ত করা হয়।

তিনি বলেন, কাগজপত্রের জটিলতার কারণে মরদেহ নিতে দেরি হয়েছে। মরদেহ আজ রাতেই দাফন করা হবে।

অন্যদিকে দেবাশীষ দত্ত ও তাঁর ছেলে স্বর্ণাশীষ দত্তের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে। তাঁর স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ ইসলামি রীতিতে দাফন করা হবে।

এদিকে আগুনের ঘটনায় নিহত সাতক্ষীরার বাসিন্দা মৃত এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত দেওয়া হয়। নিহত আরেক বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় ভারতেই সৎকার করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন বলেন, মরদেহ গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিথর দেহ নিয়ে দেশে আসা ব্যক্তিদের আহাজারি ও অশ্রুসিক্ত নয়নে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মরদেহ গ্রহণ,কলকাতায় নিহত স্বজন,অশ্রুসিক্ত নয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত