সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের পশ্চিমপাড়া মোড় নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক মোশাররফ হোসেন (৪০) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলাম মাস্টারের ছেলে ও সুজা সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উল্লাপাড়া মডেল থানার ওসি মোঃ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত শিক্ষক মোশাররফ হোসেন রোববার সকালে মোটর সাইকেলযোগে কর্মস্থল ওই স্কুলে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে ওই শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে ট্রাকচাপায় ওই স্কুল শিক্ষক নিহতের ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।