সিরাজগঞ্জে কৃষক হত্যার দায়ে নারীসহ ৬ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯:০০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরগোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারীসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। তারা হলো, ওই উপজেলার চরবেড়া গ্রামের হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, একই এলাকার চর গোজা গ্রামের রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের শাহাদত হোসেন। রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ কারাদন্ডাদেশ দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বন্ধুত্বের সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেয় পার্শ্ববর্তী চরবেড়া গ্রামের হীরা মানিক। ধার নেয়ার পর যথাসময়ে টাকা ফেরত দিতে গরিমসি করা হয়। এ পাওনা টাকা ফেরত পেতে ওই কৃষক বন্ধু হীরা মানিককে চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বনদ্ব শুরু হয়। এরই জের ধরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক ফোন করে ছানোয়ার হোসেনকে ডেকে নেয়। এরপর থেকেই ছানোয়ারের সন্ধান পায়নি তার পরিবার। ৪দিন পর ১২ জুলাই সকালে ওই উপজেলার সূর্য নদী থেকে ছানোয়ারের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ওই ৬ জনের বিরুদেদ্ধ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।