ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় মাথায় অস্ত্র ঠেকিয়ে কোটি টাকার চুল ছিনতাই

দামুড়হুদায় মাথায় অস্ত্র ঠেকিয়ে কোটি টাকার চুল ছিনতাই

গয়না নয়, টাকা নয়, ছিনতাই হয়েছে চুল। চুলভর্তি গোটা একটি পিকআপভ্যানে ছিল ব্যবসায়ীদের ২৩ বস্তা, মোট ৪০০ কেজি চুল। আনুমানিক মূল্য এক কোটি টাকার কাছাকাছি। দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পুরাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কয়েকজন দেশি অস্ত্রধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পিকআপভ্যানের গতিরোধ করে থামিয়ে প্রায় কোটি টাকা মূল্যের চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুরাপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার বলেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গার কারখানা থেকে প্রসেসিং শেষে চুলগুলো পিকআপভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে ২৩ জন মালিকের মোট ২৩ বস্তা চুল ছিল।

তিনি বলেন, কে বা কারা ছিনতাই করেছে, তা পুলিশ ও আমরা অনুসন্ধান করছি। এখানে প্রায় ৪০০ কেজি চুল, প্রায় কোটি টাকার মতো চুল ছিল।

ব্যবসায়ী মন্টু মিয়া বলেন, “চুরি হয়ে যাওয়া ওই মাল উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ২২ জন ছোট ব্যবসায়ী ও ১০০ শ্রমিক। ওই মাল বিক্রির পরেই টাকা পেতেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাঁরা ঋণ করেই ব্যবসা চালান। ওই মাল উদ্ধার না হলে শুধু ব্যবসায় সংকট নয়, শ্রমিক ও ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবেন।”

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের ধরতে এবং ছিনতাইকৃত চুল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

চুল ছিনতাই,কোটি টাকার চুল,মাথায় অস্ত্র,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত