ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মানিকগঞ্জে চুরি হওয়া টয়োটা প্রভক্স ৬ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

মানিকগঞ্জে চুরি হওয়া টয়োটা প্রভক্স ৬ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকার বটতলা মন্দিরসংলগ্ন স্থান থেকে চুরি হওয়া প্রভক্স গাড়িটি উদ্ধার করা হয়। একই সময় রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার বেতিলা এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়ার মালিকানাধীন টয়োটা প্রভক্স গাড়িটি শনিবার (২২ আগস্ট) রাতে তার গ্যারেজে রেখে তিনি বাসায় চলে যান। পরদিন সকালে গ্যারেজের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং গাড়িটিও সেখানে নেই।

অভিযোগের ভিত্তিতে পিবিআই মানিকগঞ্জ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রোববার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকার বটতলা মন্দিরসংলগ্ন স্থান থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। একই অভিযানে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুর পৌনে ৩টার দিকে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

তিনি জানান, চুরি হওয়া গাড়িটি উদ্ধার এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার ১,উদ্ধার,৬ ঘণ্টা,টয়োটা প্রভক্স,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত