পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার আহ্বান দিনাজপুর পৌর প্রশাসকের

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২২:৫৯ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার প্রশাসক উপসচিব শেখ হাফিজুর রহমান বলেছেন, আমাদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। বাংলা গান ও বাঙালিত্বকে লালন-ধারণ করতে বাংলা গানের আসর যথেষ্ট গুরুত্ব বহন করে।

শনিবার রাতে দিনাজপুর নিমতলাস্থ ভৈরবী কার্যালয়ে ভৈরবীর শিল্পীদের নিয়ে ‘চিরায়ত বাংলা গানের আসর’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ভৈরবীর সভাপতি, বিশিষ্ট উচ্চাঙ্গসংগীত শিল্পী উস্তাদ সুনীল মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি ও গবেষক কামরুজ্জামান গোপন, নাট্যকার ও গবেষক টিটো রেদওয়ান এবং কবি চাষা হাবীব।

ভৈরবীর শিল্পী মার্জিয়া খানম মৌ-এর সঞ্চালনায় বাংলা গানের আসর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গণসংগীত শিল্পী এবং নাটোর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৈয়দ মাসুম রেজা এবং ভৈরবীর শিল্পী দুলাল বসাক, মাসুদা খাতুন, মাধবী চক্রবর্তী, নিতাই রায়, গুলশান আরা, রেরাশাদ আলম রনি, মিথিলা মিশ্র, বর্ণালী রায়, বরফি রায়, ধ্রুতি রায়, মুনাফ, রাজশ্রী, বরণ্য, রোজা, আর্নিক বসাক, হিতৈষী রায় হিরা ও মনোরঞ্জন মহন্ত।

এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম বলেন, যেখানে অন্যায়-অত্যাচার সৃষ্টি হয়েছে, সেখানে সংস্কৃতির মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তাই বাঙালির সংস্কৃতির শেকড় হচ্ছে বাঙালি সংস্কৃতি। সেটা আমাদের সন্তানদের হৃদয়ে লালন করতে হবে।