সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজা এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার মহারাজপুর গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকচালক আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে হেলপার সোহাগ আলী (১৯)।
সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ উল্লেখিত টোলপ্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭) ট্রাকটি সিগন্যালে থামানো হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক বহনকারী ওই ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। এছাড়া তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। ওই ট্রাকচালকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুসসালাম থানায় মাদকের মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, এএসপি শাওন, মঈনুল, ওসি আমিরুল ইসলাম, ওসি রাকিবুল হাসান ও ওসি জাকেরিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
