চবিতে সাময়িকী ‘চাকসুপত্র’-এর মোড়ক উন্মোচন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:০৫ | অনলাইন সংস্করণ

  চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত সাময়িকী ‘চাকসুপত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং চাকসুর অন্যান্য কর্মীবৃন্দ।

চাকসুপত্র সম্পর্কে সাঈদ বিন হাবিব বলেন, “যারা লেখালেখি করতে পছন্দ করি বা লেখালেখিতে দুর্বল, তাদের জন্য এই সাময়িকীটি কাজে লাগবে বলে আশা করি।” তিনি চাকসুপত্রে যাদের লেখা স্থান পেয়েছে, তাদের অভিনন্দন জানান।

ড. মোজাম্মেল হক বলেন, “চাকসু হচ্ছে বাচ্চা না হওয়া মহিলার বাচ্চা হওয়ার মতো। একবার যেহেতু হয়েছে, সেহেতু আবার হবে, ইনশাআল্লাহ।” তিনি চাকসুর সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আরও সিরিয়াস হওয়ার কথা বলেন।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “অনেকে আছেন ভালো বলতে পারেন, কিন্তু লিখতে পারেন না। আবার অনেকে ভালো লিখতে পারেন না, কিন্তু ভালো বলতে পারেন। আপনারা ভালো লেখক।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আল ফোরকান বলেন, “অনেক বছর পরে চাকসু নির্বাচন হয়েছে। আমরা চাকসুকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছি। তারই ধারাবাহিকতায় আজকে চাকসুপত্রের উন্মোচন।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা এমন কোনো কিছু প্রচার করব না, যেটা আমাদের শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে যায়।”