রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের পক্ষ থেকে সোমবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বেগম রোকেয়া কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সমাজকল্যাণ বিদ্যাবিথী, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া বালক উচ্চ বিদ্যালয়, রংপুর উচ্চ বিদ্যালয় এবং আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে নগরীর এসব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক আবুল কালাম আজাদ এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘সরকারের পক্ষ থেকে এলাকার উন্নয়নে যেসব সাহায্য-সহযোগিতা একজন সংসদ সদস্য হিসেবে আমি পাবো, সেসব জনগণের দোরগোড়ায় শতভাগ সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর রয়েছি। আপনারা আমাকে সহযোগিতা এবং দোয়া করবেন।’
