হাজীগঞ্জে রাতের আঁধারে ফলদ বাগান কাটার অভিযোগ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে কাজিরগাঁও এলাকায় হাসান টাওয়ারের মালিক মো. হাসানের (৫০) বিরুদ্ধে ডেন্টিস্ট এম আলী মুজিবের ফলদ বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে এসব গাছপালা কেটে ফেলা হয়েছে।
এম আলী মুজিব ক্ষোভ প্রকাশ করে জানান, ভবন দেখা না যাওয়ার অজুহাতে ইতিপূর্বে গাছগুলো কেটে ফেলার কথা বলেছিলেন হাসান পোদ্দার। গত শনিবার তিনি কুমিল্লায় থাকার সুযোগে তাঁর ফলদ বাগান কেটে সাবাড় করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, বাড়ি নির্মাণের পর থেকেই তাঁর জায়গা দখলের চক্রান্ত চলছে। অতীতেও সেখানে চারবার দেয়াল নির্মাণ করা হয়েছিল, যা পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় অপসারণ করা হয়।
ভুক্তভোগীর স্ত্রী ও সন্তান তায়েব জানান, বাড়িতে ফিরে তারা সামনের সব গাছ কাটা দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, হাসান পোদ্দার নিজেই এগুলো কাটিয়েছেন।
অভিযোগের বিষয়ে হাসান টাওয়ারের মালিক মো. হাসান বলেন, ভবনের সামনের সড়কের পাশে ঘন ঝোপঝাড় থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত। গাড়িচালক ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধেই তিনি ব্যক্তিগত খরচে কেবল ঝোপঝাড় পরিষ্কার করিয়েছেন।
ভবনের এক ভাড়াটিয়া ওমরও জানান, কেবল ঝোপঝাড়ই পরিষ্কার করা হচ্ছিল।
