রাঙামাটিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি, শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার মো. জসীম উদ্দীন।
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম।
এদিকে, রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সবাইকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সবাই সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মাদকের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি নবজ্যোতি খীসা।
প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, মাদকই হলো সব অপরাধের মূল উৎস। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গডফাদার, সরবরাহকারী, সেবনকারী থেকে শুরু করে এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে পুলিশ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
