কক্সবাজারে নৌকা ডুবি, নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

বঙ্গোপসাগরের কক্সবাজার সদরের নাজিরারটেক মোহনায় নিজস্বভাবে তৈরি নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের আরও তিন নাগরিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া তিনজন হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, চারজন নিজস্বভাবে তৈরি নৌকা করে নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাবশত তাদের নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করেন।
পরে তাদের কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়। তবে আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, নাজিরাটেক মোহনায় নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্যের মধ্যে তিনজন উদ্ধার হয়েছেন। নিখোঁজ একজনের অনুসন্ধান ও উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।
