রসিকের ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রসিক আয়োজিত প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
রসিক সভাকক্ষে আয়োজিত প্রাক-বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাইম হাসান খানসহ রংপুরের বিশিষ্টজন, চিকিৎসক, পুলিশ প্রশাসন, বিজিবি প্রশাসন, উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ৭৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ১৫৫ টাকা। উন্নয়ন সহায়তা বরাদ্দ আয় ১৩০ কোটি ৪৮ হাজার ৫১১ টাকা। এতে ২০২৫-২৬ অর্থবছরে মোট আয় ২০৩ কোটি ৮১ লাখ ১১ হাজার ৬৬৬ টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় ৬১ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা এবং উন্নয়ন ব্যয় ৫৪ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ৬১৮ টাকা। মোট ব্যয় ১১৬ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৫৪৮ টাকা।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত প্রাক-বাজেটে রাজস্ব আয় ১২৯ কোটি ৯৪ লাখ ১১ হাজার ২৪৪ টাকা এবং উন্নয়ন সহায়তা থেকে আয় ৭৯৭ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ৬২১ টাকা। সব মিলিয়ে মোট আয় ৯২৭ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৮৬৫ টাকা।
এ অর্থবছরে প্রস্তাবিত পরিচালনা ব্যয় ১১২ কোটি ৬১ লাখ টাকা এবং প্রস্তাবিত উন্নয়ন ব্যয় ৭৯৭ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ৬২১ টাকা। প্রস্তাবিত মোট ব্যয় ৯১০ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৬২১ টাকা।
এ সময় উপস্থিত সকলে খসড়া বাজেটের ওপর আলোচনা করেন। পরে সভার সভাপতি বাজেটের ওপর বক্তব্য দিয়ে প্রাক-বাজেট সভার কাজ শেষ করেন।
