সিরাজগঞ্জে ৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোকুনা বাজার এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। চাল বহনে ব্যবহৃত মিশু গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক সোহান হোসেন (৩০) পালিয়ে গেছে।
বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে ওই চাল কালোবাজারে বিক্রির জন্য উল্লেখিত বাজারে নিয়ে যাচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সরকারি চাল উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট খাদ্য গুদাম কর্তৃপক্ষ বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ এ মামলার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
