হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন বহিষ্কার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২২:১৮ | অনলাইন সংস্করণ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আজ সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানান মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, গতকাল চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে ‘হরিরামপুরবাসী’র উদ্যোগে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
