নৈতিক স্খলনের অভিযোগে তালতলী উপজেলা যুবদল নেতাকে শোকজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম রিয়াজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

গতকাল ২৫ আগস্ট যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়েছে, উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন মর্মে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ উত্থাপিত হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠান ভারপ্রাপ্ত যুব সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

তবে নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে মিরাজুল ইসলাম রিয়াজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।