বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন, দেশ-জাতির শান্তি কামনায় দোয়া
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২১:০৭ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় মডেল মসজিদ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলা কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
উদ্বোধন শেষে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
আলোচনা শেষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিপঙ্কর বর্মন, বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
