ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পূর্বপাড়া এলাকায় আকিকা অনুষ্ঠানে পরিবেশন করা মিষ্টি খেয়ে আট শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তারা।

অসুস্থ শিশুরা হলো— তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাখুন্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আকিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয় হারুন সরদার ও কেয়া বেগম সেখানে আসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হারুন সরদার স্থানীয় খলিল মন্ডলের হাটের ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে মিষ্টি কিনে আনেন। দুপুর ১টার দিকে ওই মিষ্টি বাড়িতে নেওয়া হয়।

দুপুরের খাবারের পর বাড়িতে থাকা স্বজন ও স্থানীয় শিশুরা মিষ্টি খায়। মিষ্টি খাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর কয়েকজন শিশু বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাদের ওরস্যালাইন খাওয়ানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা ৭টার দিকে আট শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

এ বিষয়ে ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক জিয়ারত মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, তার দোকান থেকে নিয়মিত অনেক মানুষ মিষ্টি কিনে নিয়ে যান। আগে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি মিষ্টি পরীক্ষা করে দেখারও আহ্বান জানান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, অসুস্থ শিশুদের হাসপাতালে আনার পর প্রয়োজনীয় জরুরি চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, খলিল মন্ডল হাটের ওই দোকান থেকে কেনা মিষ্টি খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।