সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২২:১২ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে বিএডিসির এক ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
জরিমানাপ্রাপ্ত ডিলার সানোয়ার হোসেন জান্না বাজারের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর মালিক।
স্থানীয় কৃষকেরা জানান, বুধবার সানোয়ার হোসেনের কাছ থেকে ডিএপি সার কেনার পর পরদিন জমিতে প্রয়োগের সময় সারের দানাগুলো মাটির মতো দেখতে পান। পানিতে দিলে সেগুলো কাদার মতো হয়ে যায়। পরে বিষয়টি ফুকুরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিনকে জানানো হলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওকে অবহিত করেন।
পরে ঘটনাস্থলে গিয়ে সার পরীক্ষা করা হলে ভেজাল প্রমাণিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ডিলার সানোয়ার হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করেন।
ডিলার সানোয়ার হোসেন বলেন, তিনি সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের সাবেক সদস্য আক্কাসের কাছ থেকে ওই সার সংগ্রহ করতেন।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, বিএডিসির আসল ডিএপি সারের প্রতি বস্তার দাম ১ হাজার ৫০ টাকা। অভিযোগ রয়েছে, সানোয়ার হোসেন প্রতি বস্তা সার ৩০০ টাকা দরে কিনে কৃষকদের কাছে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি করতেন।
কৃষক গোলাম হোসেন, সাইজুদ্দিন ও আব্দুল করিম বলেন, জমিতে সার দেওয়ার সময় দেখি সেগুলো মাটির মতো। পানিতে দিলে কাদার মতো হয়ে যায়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, পুলিশের একটি দল ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থে ভেজাল সার ও বীজের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
