আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচার, সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২২:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মতি সাহেবের ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা তাজ উদ্দিন সেখ, আবু হোসাইন বাবু, মিন্টু, ইমরুল হক ইমেজ, হেলাল আহমেদ, নুরনবী হোসাইনী প্রমুখ।

বক্তারা বলেন, হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এছাড়া পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজও করেন। এ কারণে শহরবাসী চায় আব্দুস সাত্তার পৌর মেয়র হোক।

তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সাংবাদিককে ভুল তথ্য দিয়ে দুটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেছেন। বক্তারা সংবাদ দুটি অপসারণ না করলে অনলাইন পত্রিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

পৌর নির্বাচন ঘিরে কতিপয় ব্যক্তি হাজী আব্দুস সাত্তারের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এ সংবাদ প্রকাশ করেছেন বলেও বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, হাজী আব্দুস সাত্তার একজন বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল, গরিব-দুঃখী মানুষের পরম বন্ধু, মানবতার ফেরিওয়ালা। তিনি পৌর এলাকার বিভিন্ন কবরস্থান, মন্দির, গির্জা ও ফোরলেন রাস্তায় ডিভাইডারে বৃক্ষরোপণ, বন্যার্তদের সহযোগিতা, পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন, মসজিদ-মাদ্রাসা-মন্দির-গির্জায় অনুদান, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতা, কন্যাস্থ পিতাকে দায়মুক্ত, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত, হাসপাতালে দরিদ্র রোগীদের সহযোগিতা, স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা এবং দুঃখী মানুষের পাশে থেকে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

ইতিমধ্যেই তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। এ মানববন্ধনে বহু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।