সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২২:২১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে ও জিএম’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ গ্রাহকেরা।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিস চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ বিক্ষোভ কর্মসূচিতে গ্রাহকেরা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের রিডারম্যানেরা বাড়িতে বাড়িতে গিয়ে মিটার রিডিং না করে মনগড়া বিদ্যুৎ বিল তৈরি করেন এবং এ বিল আদায়ে গ্রাহকদের বাড়ি পৌঁছানো হয়। এতে বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত ও ভুতুড়ে বিলও যুক্ত হয়ে থাকে।

এসব অব্যবস্থাপনা দূর করতে বাধ্য হয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ ঘটনায় জিএম’র পদত্যাগ দাবি করা হয়। এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এদিকে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম নুরুল হুদা বলেন, তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যার কথা শুনে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এমন অভিযোগে এক রিডারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আরও কয়েকজনকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।