বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার ছন্দারিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর তিনি দেশে ফিরে এসে এলাকায় ভ্যান চালাতেন।

নিহত সালাউদ্দিন সাহানুর স্ত্রী জোস্না আক্তার জানান, সালাউদ্দিন প্রায় সময়ই বাড়ির সঙ্গে লাগোয়া খালে মাছ ধরতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ছন্দারিয়া খালে মাছ ধরতে বের হয়েছিলেন। সকালে তাকে খালের ভাঙন রোধে দেওয়া ব্লকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।