রূপপুর পারমাণবিকে লিফট দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১:২৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে এমটিইউ-২-তে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রকল্পের নিকিমথ কোম্পানির OOUKS ভবনে ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল খন্দকার। কাজের একপর্যায়ে আনুমানিক ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর হাত-পা ভেঙে যাওয়ার পাশাপাশি ঘাড়ের মাংসপেশি ছিঁড়ে যায়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানি এলাকায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল খন্দকারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল খন্দকারের মৃত্যু হয়।

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি পরে জানতে পেরেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।