
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন এবং আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। এর কয়েক ঘণ্টা পর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হন। পৃথক দুই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
এরপর দুপুরের দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে বাড়ির পাশে পুকুরে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশরাফি আক্তার (৭) নামের এক শিশু মারা যায়।
জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।
অন্যদিকে, ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এ সময় লেগুনার চালকের বাম পাশে বসা যাত্রী শাহাদাত হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হন।
দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনা উদ্ধার করে।
এছাড়াও দুপুরের দিকে আড়াইহাজারের শম্ভুপুরা গ্রামে বাড়ির পাশে পুকুরে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আশরাফি আক্তার। একপর্যায়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার ও শিমরাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।