পাবনায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে পাবনার বেড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ আয়োজনের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
পাবনার বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুরেন মায়িশা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক প্রতিযোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সাহিত্য ও সাম্যবাদী আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, সংস্কৃতির সুস্থ চর্চাই পারে তরুণ প্রজন্মকে আদর্শবান ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে।
উদ্বোধনী আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মূল প্রতিযোগিতা শুরু হয়। ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে মূল প্রতিযোগিতা। ভবিষ্যৎ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির মূলধারায় সম্পৃক্ত করা, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
শিক্ষার্থীদের বয়স ও শ্রেণীভেদে বিভিন্ন গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন:
গ্রুপ-ক (১ম ও ২য় শ্রেণি): নজরুল সংগীত (যেকোনো), কবিতা আবৃত্তি (‘ভোর হলো দোর খোলো’), চিত্রাঙ্কন (‘বিভিন্ন বয়সে ও রূপে নজরুল’), ৫ মিনিটের একক অভিনয় (নজরুলের গল্প/নাটকভিত্তিক) এবং নজরুল সংগীতভিত্তিক একক নৃত্য।
গ্রুপ-খ (৩য়-৫ম শ্রেণি): নজরুল সংগীত, কবিতা আবৃত্তি (‘খুকী ও কাঠবিড়ালী’, ‘মোরা সেব’, ‘লিচু চোর’), চিত্রাঙ্কন, ৫ মিনিটের একক অভিনয় ও একক নৃত্য।
জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়:
গ্রুপ-ক (৬ষ্ঠ-৮ম শ্রেণি): নজরুল সংগীত, কবিতা আবৃত্তি (‘কাণ্ডারী হুঁশিয়ার’), চিত্রাঙ্কন, ৫ মিনিটের একক অভিনয় ও একক নৃত্য।
গ্রুপ-খ (৯ম-১০ম শ্রেণি): নজরুল সংগীত, কবিতা আবৃত্তি (‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘ওমর ফারুক’), চিত্রাঙ্কন, ৫ মিনিটের একক অভিনয় ও একক নৃত্য।
জাতীয় কবির সৃষ্টিশীল কর্মের সাথে নতুন প্রজন্মকে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে দেশব্যাপী এই উদ্যোগ অত্যন্ত যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুধীজন ও আয়োজকবৃন্দ।
