হাইমচরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিয়ে মতবিনিময়

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও হাইমচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলমের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে পৃথকভাবে আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ, পূজামণ্ডপ ও মন্দিরসমূহে যাতায়াতের রাস্তা সংস্কার, আরতি ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার নানা দিক তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সুন্দর ও নিরাপদে সম্পন্ন হয়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, যেকোনো ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। উৎসবের দিনগুলোতে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতৃবৃন্দকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার শতভাগ আশ্বাস প্রদান করা হয়।

সভায় সংগঠনটির হাইমচর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন সরকার বলেন, হাইমচর দীর্ঘকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ঐতিহ্যগতভাবেই এখানে সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করে আসছে। বর্তমানে উপজেলার ৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়। এই উৎসবগুলো যাতে সম্পূর্ণ নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সদস্য সচিব সুনীল চন্দ্র মাঝি মন্দিরে যাতায়াতের সুবিধার্থে অনুন্নত রাস্তাঘাটের সংস্কার এবং ধর্মীয় উৎসবের দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে চলাচলের বিষয়টিতে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় মজুমদার, শ্যামল দাস, উত্তম স্বর্ণকার, সদস্য প্রদীপ দাস দেওয়ান, মিলন কৃষ্ণ মাঝি, কলিন্দ্র বৈদ্য, সঞ্জয় কুমার পোদ্দার, মন্টু দেওয়ান এবং যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে সভার সমাপ্তি হয়।