সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২০:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর-তালগাছি আঞ্চলিক সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় বালুবাহী ট্রাকচাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত যাদু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরে আসাব আলী ভ্যান নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
