
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও মাদক নির্মূলে অভিযান চালিয়ে মোসা. দুলু বেগম (৬০) নামে এক নারী মাদক সম্রাজ্ঞীকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপির বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবার গ্রামের মৃত আলী নেওয়াজের স্ত্রী মোসা. দুলু বেগমকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।