
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে পানি তোলার মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম ওরফে বরুণ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার দর্শনা থানাধীন শান্তিপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে শফিকুল ইসলাম ওরফে বরুণ উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়া এলাকায় পানি তোলার মোটর চুরি করতে যায়। এ সময় লোহার শিকল দিয়ে মোটরটি বাঁধা ছিল। কাটার দিয়ে শিকল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম ওরফে বরুণ ঘটনাস্থলেই নিহত হয়।
মঙ্গলবার ভোরের দিকে পরিবারের সদস্যরা কলের পাড়ে পানি নিতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা দামুড়হুদা মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলাম ওরফে বরুণ সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।