আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুরে মাথাভাঙ্গা নদী থেকে ময়জান খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর পশ্চিম পাড়ার মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়জান খাতুন উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে ময়জান খাতুন পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। গোসলের সময় পানির স্রোতে তিনি ভেসে যান। এরপর এলাকাবাসী দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেননি।

অবশেষে সন্ধ্যার দিকে মহেশপুর পশ্চিম পাড়ায় নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে ময়জান খাতুন পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।