কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, দুর্নীতি-মাদকমুক্ত দেশ গড়ার শপথ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কাউখালী উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “কোনো প্রকার অপপ্রচারে কেউ কান দেবেন না। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের অধিকাংশ উপজেলায় ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে যাবে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে সরকারের সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।”
এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী। তিনি অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩টি দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ এবং পাঁচটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
পরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
