বেনাপোলে ভারত ফেরার পথে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসে ফেরার পথে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে বেনাপোলে গাড়ি থেকে নামার পর অসুস্থ হয়ে পড়লে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গৌতম মিস্ত্রি ভারতের কলকাতার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর T 3361611।

জানা গেছে, গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা বরিশালে তাদের এক আত্মীয়ের বাড়িতে যান। বুধবার তারা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোলে আসেন।

এ সময় গাড়ি থেকে নামার পর গৌতম মিস্ত্রি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। নিহতের স্ত্রীকে ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আনতে বলা হয়েছে।

কাগজপত্র নিয়ে এলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে।