
চাঁদপুরের হাইমচরে এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ওরফে ‘কানা জসিমকে’ ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (৪০) দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার হাইমচর পল্লী বিদ্যুৎ সাবস্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাইমচর থানার ওসির দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, প্রিয়লাল ঘোষ, সৌরভ দাশ ও এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে জসিম উদ্দিনকে আটক করে দেহ তল্লাশি করা হয়।
পরে তার পরিহিত লুঙ্গির পেছনের গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, জসিম উদ্দিন হাইমচর থানার একটি মামলার এজাহারনামীয় আসামিও। গত ১৯ আগস্ট দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির অভিযোগ রয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি বিভিন্ন মামলা রয়েছে বলে জানান ওসি।