মাছের উৎপাদন বাড়াতে দেবহাটায় ৪০০ কেজি পোনা বিতরণ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেশব্যাপী মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির আওতায় সাতক্ষীরার দেবহাটায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, জলাশয় ও একাধিক সেবামূলক প্রতিষ্ঠানে এসব মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। এজন্য মাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সরকার যে উদ্দেশ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কেজি মাছের পোনা বিতরণ করা হচ্ছে। এসব পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।