সিরাজগঞ্জে ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আগামী ৭ দিনের মধ্যে সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা চালু করা না হলে মহাসড়ক অবরোধের আল্টিমেটাম দিয়েছেন পরিবহন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি, ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, কার্যকরী সভাপতি হাসেম আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার দিদার আলমসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা বন্ধ রয়েছে। ট্রাফিক পুলিশ না থাকায় অবৈধ থ্রি-হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি অবাধে চলাচল করছে। এতে পরিবহন শ্রমিকদের যানজট, দুর্ঘটনাসহ নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা বলেন, গত ২৭ আগস্ট ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এরপরও এখন পর্যন্ত সড়ক-মহাসড়কে কোনো ধরনের ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা চালু করার দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা।