ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জামিনে বেরিয়ে রাজু হত্যা মামলার বাদীর পরিবারে হামলার অভিযোগ

জামিনে বেরিয়ে রাজু হত্যা মামলার বাদীর পরিবারে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে বের হয়ে মামলার বাদীর পরিবারের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজু হত্যা মামলার বাদী সালেহা বেগম, তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ ইউনিয়নের চর হোগলা গ্রামের আলোচিত রাজু হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকেই বাদীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

অভিযোগ রয়েছে, হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত প্রধানসহ অন্যান্য আসামিরা জামিনে মুক্ত হয়ে রাজুর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে রাজুর মা ও বোনকে মারধর করা হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আসামিরা জামিনে বের হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি বাড়ির আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন।

রাজুর মা সালেহা বেগম বলেন, ছেলে হত্যার আসামিদের ভয়ে তিনি বর্তমানে স্বামী ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন। সর্বশেষ তার মেয়েকে মারধর করে আহত করা হয়েছে এবং গ্রাম না ছাড়লে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সালেহা বেগম তার ছেলে রাজু হত্যার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে যদি মামলার বাদীর পরিবারকেই নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেন, তাহলে তারা কোথায় যাবেন—এমন প্রশ্ন এখন তাদের।

রাজু হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

হামলার অভিযোগ,বাদীর পরিবার,রাজু হত্যা মামলা,জামিনে বেরিয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত