রংপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, বেকারিকে জরিমানা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২ সেপ্টেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে খামার মোড় এলাকার আল মদিনা লাইভ বেকারিতে লাইসেন্স গ্রহণ ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাদমিরা শারমিন এবং ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।