চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অফিস কক্ষে ঢুকে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি রক্তাক্ত জখম হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম।
অভিযুক্তরা হলেন—কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী এবং ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন ও ইসতিয়াক আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, আনুমানিক দুই মাস আগে পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা তাদের এক কেন্দ্রীয় নেতার সংবর্ধনা উপলক্ষে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বুধবার দুপুরে অভিযুক্ত চারজন মাহমুদুল ইসলামের অফিস কক্ষে প্রবেশ করেন। সেখানে প্রথমে তাকে গালিগালাজ এবং পরে হামলা করে রক্তাক্ত জখম করা হয়। পরে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ বলেন, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম কয়েকদিন ধরে তাদের সামনে মরহুম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে আসছিলেন। বিষয়টি জানতে বুধবার দুপুরে কয়েকজন তার অফিস কক্ষে যান। এ সময় মাহমুদুল ইসলাম উত্তেজিত হয়ে তাকে চড় মারেন। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
তবে মরহুম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে মাহমুদুল ইসলামের তুচ্ছতাচ্ছিল্যের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি সিবিএ সভাপতি সোয়াইব আহমেদ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
