জাতীয় শিক্ষা সপ্তাহে কাউখালীতে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, শিক্ষক নেতা কিরণ চন্দ্র হালদার ও শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এবং বর্তমান সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাহিত্য, সংস্কৃতি ও মেধা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং শিক্ষার্থীদের দেশপ্রেমিক, নীতিবান ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
