সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়: পার্থ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, সাংবাদিকদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাকে বাদ দিতে হবে আর কাকে রাখতে হবে—এই ধরনের অপসংস্কৃতি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের জন্য হয়তো নীতিমালা করা যাবে, কিন্তু সাংবাদিকদের নীতি ও নৈতিকতার পরিবর্তন না হলে নীতিমালা করেও কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সমাজে বিভ্রান্তি ছড়ায়—সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সরকারের সময় দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সুস্থ সমাজব্যবস্থা গঠনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ২০০৮ সাল থেকে আমি আমার বাবার হাত ধরে এই ভোলার মাটিতে রাজনীতিতে প্রবেশ করি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, আমার দ্বারা কারও ক্ষতি হয়েছে। আমার বাবার মৃত্যুর পর আপনারা যেভাবে আমার বাবাকে ভালোবেসেছেন, ঠিক তেমনি আমাকেও ভালোবেসেছেন। বলেই ২০০৯ সালেও দল-মত নির্বিশেষে আপনারা আমার পাশে ছিলেন। সেই কথা আমি ভুলিনি। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের নির্বাচনেও আপনারা আমার পাশে ছিলেন।
টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে মানুষকে খুশি করা যায় না। স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকলে সবকিছু সম্ভব। আপনারা আপনাদের মতো কাজ করবেন। আমার এলাকার উন্নয়নে যদি কোনো দুর্নীতি হয়, সেগুলো আপনারা তুলে ধরবেন।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাংবাদিক এমএ তাহের ও আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ। এ সময় ভোলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
