সাপুড়ের ‘মন্ত্র পড়া’ নিয়ে বিরোধ, রংপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেফতার ৪
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় সাপখেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার দিবাগত রাতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আশরাফুল ইসলাম (৪৫), মো. মাবু মিয়া (৩০), মো. লেবু মিয়া (৩০) ও মো. এরশাদ আলী (৪০)। গ্রেফতারকৃত সবাই গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের নূর হোসেনের ছেলে।
র্যাব জানায়, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে কাশিয়াবাড়ীর হাটসংলগ্ন কমিউনিটি ক্লিনিক মাঠে একজন সাপুড়ে সাপখেলা দেখাচ্ছিলেন। খেলার একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৯ থেকে ১০ জন ওই সাপুড়েকে মারধর শুরু করেন।
একপর্যায়ে ভুক্তভোগী বৃদ্ধের বড় ছেলে আব্দুল মালেক সাপুড়েকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। এ ঘটনায় অভিযুক্তরা গালাগালির একপর্যায়ে আব্দুল মালেককে মারধর শুরু করেন। তার চিৎকার শুনে বাবা এন্দাজ মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই এন্দাজ মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ২৬ আগস্ট রংপুরের গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর ও র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানার বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে প্রধান আসামি আশরাফুল ইসলাম ও মাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে একই উপজেলার ইসলামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়া ও এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
